
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের সঙ্গে আমার গভীর হৃদত্য ও সম্মানজনক সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে সেখানে আমার বহুবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে, প্রতিষ্ঠানটির সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আবদুল কুদ্দুস হাফিজাহুল্লাহ ও হযরত মাওলানা মুফতি ইমাদুদ্দীন হাফিজাহুল্লাহ এর আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানকার ‘ইফতা’ (উচ্চতর ফিকহ ও ফতোয়া) বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাধিকবার দিকনির্দেশনামূলক ও নাসিহামূলক বক্তব্য রাখার সুযোগ আমার হয়েছে।
একগ্রতার সঙ্গে জ্ঞানচর্চায় শীর্ষে : জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও সুশৃঙ্খল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও মেহনত, পঠন-পাঠনের মান এবং সম্মানিত শিক্ষকগণের দায়িত্বশীলতা ও একনিষ্ঠতা অত্যন্ত নজরকাড়া ও প্রশংসনীয়।
প্রচলিত ‘দাওরায়ে হাদিস’ শিক্ষাক্রমের পাশাপাশি বিভিন্ন উচ্চতর বিশেষায়িত শাখায় (তাখাসসুসাত) বহু মেধাবী শিক্ষার্থী যে একগ্রতার সঙ্গে জ্ঞানচর্চা করছে—তা দেখে আমি ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি। দেশের দ্বীনি শিক্ষা বিকাশে প্রতিষ্ঠানটির অবদান সত্যিই প্রশংসার দাবিদার।
একটি শক্তিশালী দিকনির্দেশক প্ল্যাটফর্ম : জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহাসম্মেলন দেশের সার্বিক দ্বীনি শিক্ষার অগ্রগতিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকা পালন করবে।
এর সবচেয়ে ইতিবাচক দিক হলো—এটি প্রতিষ্ঠানটির গত সাত দশকের জীবিত সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) জন্য এক অভূতপূর্ব মেলবন্ধনে পরিণত হবে। হাজারো আলেম ও তালিবে ইলমের এই ঐতিহাসিক মিলনমেলা কেবল স্মৃতিচারণেই সীমাবদ্ধ থাকবে না; বরং এর মাধ্যমে দ্বীনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতের যুগোপযোগী শিক্ষা পরিকল্পনা গ্রহণে একটি শক্তিশালী দিকনির্দেশক প্ল্যাটফর্ম তৈরি হবে।
বুদ্ধিবৃত্তিক বিকাশে বড় ভূমিকা : বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে ফরিদাবাদ মাদরাসা অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা ও অনন্য। প্রথমত, এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইসলামি আইন, হাদীস ও অন্যান্য গবেষণামূলক বিষয়ে একাধিক ‘উচ্চতর তাখাসসুসাত’ বা বিশেষায়িত বিভাগ রয়েছে, যা সব মাদরাসায় সচরাচর দেখা যায় না। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানটি থেকে নিয়মিতভাবে ‘নেয়ামত’ নামে একটি মানসম্মত ও চিন্তাশীল মানসের মাসিক সাময়িকী প্রকাশিত হয়, যা শিক্ষক-শিক্ষার্থীদের বুনিয়াদি সাহিত্যচর্চা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে বড় ভূমিকা রাখছে। এই সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ও মেধাভিত্তিক বৈশিষ্ট্যগুলো ফরিদাবাদকে এক অনন্য উচ্চতায় উন্নীত করেছে।
বিশ্বমানের অগ্রযাত্রায় জামিয়া ফরিদাবাদ : ফরিদাবাদ মাদরাসার দ্বীনি ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রাকে আরও বেগবান এবং বিশ্বমানের করে তুলতে আমি তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ চালুর পরামর্শ দিচ্ছি: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলা সাহিত্য বিভাগ এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দ্বীনের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং আধুনিক সমাজমানসের উপযোগী করে দাওয়াতি কাজ পরিচালনার জন্য কম্পিউটার ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন অপরিহার্য। এমনকি কওমি ধারার মূল কেন্দ্র দারুল উলুম দেওবন্দেও স্বতন্ত্র কম্পিউটার ও ইংরেজি ভাষা বিভাগ সফলভাবে চালু রয়েছে। সেই ধারাবাহিকতায় ফরিদাবাদ মাদরাসাতেও এই বিষয়গুলোর সংযোজন শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় অধিকতর সক্ষম ও সার্বিকভাবে দক্ষ আলেম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
লেখক : প্রফেসর, মুহাদ্দিস ও কলামিস্ট

